
কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের ১নং শুভঙ্করকাটি ওয়ার্ডে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সাবেক এক পুলিশ কর্মকর্তার বাড়িতে হামলা ও ভাঙচুর এবং তার স্ত্রীর ওপর মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত নারীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অভিযোগকারী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনাটি গত ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে শুভঙ্করকাটি গ্রামের শেখপাড়া এলাকায় ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুভঙ্করকাটি গ্রামের বাসিন্দা ও সাবেক পুলিশ কর্মকর্তা (এএসআই) মোঃ ইসরাইল হোসেনের স্ত্রী মোছাঃ সেলিনা খাতুনের কাছ থেকে একই গ্রামের মোঃ আরিফ হোসেন একটি রাজহাঁস ক্রয় করেন। রাজহাঁসটির মূল্য ছিল ১ হাজার ৯০০ টাকা। এর মধ্যে আরিফ হোসেন ১ হাজার ৫০০ টাকা পরিশোধ করেন এবং বাকি ৪০০ টাকা পরে দেওয়ার কথা বলে রাখেন বলে অভিযোগে বলা হয়েছে।
২০ সেপ্টেম্বর বিকেলে সেলিনা খাতুন ওই বকেয়া ৪০০ টাকা চাইতে গেলে আরিফ হোসেনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন সেলিনা খাতুন।
পরবর্তীতে ওই রাতে আনুমানিক ৮টার দিকে মোঃ আরিফ হোসেন, মোঃ শামীম হোসেন, মোঃ শুভ হোসেন, মোঃ শান্ত হোসেন, মোঃ প্রান্ত হোসেন ও মোঃ সাব্বির হোসেনসহ কয়েকজন মিলে সাবেক পুলিশ কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেনের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, হামলাকারীরা বাড়ির জানালার গ্লাস, দরজা ও গেট ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করেন। এ সময় মোছাঃ সেলিনা খাতুনকে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এতে তার মাথা, ঘাড় ও হাতে আঘাত লাগে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেনের পক্ষ থেকে গত ২০ সেপ্টেম্বর কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :