ব্রেকিং নিউজ :

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা শুরু


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৭:২১ পূর্বাহ্ন | ৯৯
কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা শুরু

জাহিদুল ইসলাম

সাতক্ষীরার কলারোয়ায় স্থানীয় পর্যায়ে পুষ্টি পরিস্থিতির টেকসই উন্নয়ন ও কৃষি-খাদ্য উৎপাদনের সঙ্গে পুষ্টির কার্যকর সমন্বয় সাধনের লক্ষ্যে ‘বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ২০২৬-২৭’ প্রণয়ন বিষয়ক দুই দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কলারোয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN)-এর সহযোগিতায় ২১ ও ২২ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

কর্মশালায় কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. ইকবাল আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জামাল উদ্দিন, কলারোয়ার সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. শফিকুল ইসলাম।

এ সময় কলারোয়া উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য এবং স্থানীয় কৃষক প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজ নিজ এলাকার পুষ্টি পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনায় অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, মাঠপর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টির মান উন্নয়নে কেবল খাদ্য উৎপাদন বাড়ালেই চলবে না, বরং উৎপাদিত খাদ্যে পুষ্টির উপস্থিতি ও সচেতনতা বাড়ানো জরুরি। সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও কৃষকদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে একটি কার্যকর ও বাস্তবমুখী বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা গ্রহণই এ আয়োজনের মূল লক্ষ্য।