ব্রেকিং নিউজ :

কলারোয়ায় ইউএনও আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান, ফুটপাত দখলমুক্ত করতে দোকানিদের জরিমানা


প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন | ১১৯
কলারোয়ায় ইউএনও আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান, ফুটপাত দখলমুক্ত করতে দোকানিদের জরিমানা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোঃ রাশিদুল কবির সবুজ:
সাতক্ষীরার কলারোয়া পৌর বাজারকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও জনসাধারণের চলাচলের উপযোগী করে গড়ে তুলতে মশাবাহিত রোগসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ও বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী অফিসার । শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১১টার দিকে কলারোয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলামের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে বাজারের বিভিন্ন সড়ক, ফুটপাত ও জনসমাগমস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি মশার বংশবিস্তার রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, প্রাইমারি ট্রেইনার মোঃ আবু মুসা, কলারোয়া বাজার কমিটির সভাপতি মোঃ শওকত আলী, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যাপক রইচ উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম কলারোয়া বাজারের বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় বাজারের ফুটপাত দখল করে দোকানের মালামাল সাজিয়ে ব্যবসা পরিচালনা এবং পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি তাঁর নজরে আসে। পরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী কয়েকজন দোকানিকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে ফুটপাত থেকে অবৈধভাবে রাখা দোকানের মালামাল ও স্থাপনা সরিয়ে দখলমুক্ত করা হয়।
এ সময় ইউএনও দোকানিদের উদ্দেশ্যে বলেন, ফুটপাত ও রাস্তা সাধারণ মানুষের চলাচলের জন্য। এসব স্থান দখল করে ব্যবসা পরিচালনা করা জনসাধারণের ভোগান্তির কারণ। তাই ভবিষ্যতে কেউ যেন ফুটপাত বা রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা না করেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযান চলাকালে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, পানি জমে থাকা স্থান পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করা হয়। বিশেষ করে বাজারের ব্যবসায়ীদের নিজ নিজ দোকানের সামনের অংশ পরিষ্কার রাখা এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানানো হয়।
কলারোয়া বাজার কমিটির সভাপতি মোঃ শওকত আলী উপজেলা নির্বাহী কর্মকর্তার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাজারের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় ফুটপাত দখলমুক্ত রাখা অত্যন্ত জরুরি। ফুটপাত ও রাস্তা দখল করে রাখলে সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চলাচলে চরম অসুবিধা হয়। তাই কোনো ব্যবসায়ী যেন রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি না করেন, সে বিষয়ে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, বাজারকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে শুধু প্রশাসনের অভিযানই যথেষ্ট নয়; ব্যবসায়ী, বাজার কমিটি, পথচারী এবং স্থানীয় বাসিন্দাদেরও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, কলারোয়া বাজারের ফুটপাত দখলমুক্ত রাখা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হলে বাজারের পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে। এতে একদিকে যেমন পথচারীদের চলাচল সহজ হবে, অন্যদিকে মশাবাহিত রোগের ঝুঁকি কমানো এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাও সম্ভব হবে।
সার্বিকভাবে কলারোয়া বাজারকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত, ফুটপাত দখলমুক্ত ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত তদারকি ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন তাঁরা।