
নিজস্ব প্রতিবেদক:
প্রতিবছরের ধারাবাহিকতায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদরাসার ১৪তম হিফজুল কুরআন অ্যাওয়ার্ড উৎসব-২০২৬। তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ উৎসবে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবারের এ গৌরবময় আয়োজনে অ্যাওয়ার্ড অর্জন করেছে সাতক্ষীরার কৃতী শিক্ষার্থী ফাইজা।
ফাইজা বর্তমানে তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদরাসার খুলনা শাখার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পবিত্র কুরআনুল কারিমের হিফজ সম্পন্ন করার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। একই সঙ্গে তার এ অর্জনে অবদান ও সহযোগিতার স্বীকৃতিস্বরূপ তার পিতা শেখ অহিদুজ্জামান ও মাতা তাছলিমা খাতুনকেও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
একই অনুষ্ঠানে শিক্ষার্থী ও তার বাবা-মায়ের অ্যাওয়ার্ড অর্জনের এ গৌরবময় মুহূর্তে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করা একজন শিক্ষার্থীর জীবনে অত্যন্ত মর্যাদাপূর্ণ অর্জন। আর এ অর্জনের স্বীকৃতি হিসেবে এমন সম্মাননা নিঃসন্দেহে শিক্ষার্থী ও তার পরিবারের জন্য আনন্দের ও গর্বের বিষয়।
ফাইজার এ অসামান্য সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তার নানা বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মো. ওমর আলী। তিনি ফাইজার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন সে কুরআনের আলোয় আলোকিত জীবন গড়তে পারে এবং কুরআনের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ফাইজা ভবিষ্যতে দ্বীনি শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে এবং পবিত্র কুরআনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখবে।
ফাইজার এ সাফল্যে পরিবারের সদস্যরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং তার সুন্দর ভবিষ্যৎ ও দ্বীনি জীবনের অগ্রযাত্রার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :