
সরকার সীমান্তে যেকোনো ধরণের অবৈধ পুশব্যাকের বিপক্ষে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার সচিবালয়ে উপস্থিতি সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বাংলাদেশ-ভারত সীমান্তে নতুন করে পুশব্যাকের চেষ্টার প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তারা (ভারতীয়) আইনানুগ প্রক্রিয়ার আমাদের নাগরিকদের এনআইডি যাচাই করে তালিকা দেওয়ার কথা। কিন্তু এমন কোন তালিকা পায়নি (বাংলাদেশ) সরকার।’
সীমান্তে হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জিরো লাইনে কোন হত্যা হলে সেটা সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং বলা যায়। কিন্তু নিজ নিজ টেরিটোরিতে কোন অপরাধের কারনে হত্যা বর্ডার কিলিং না।’
উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের তথাকথিত অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় রাজ্য সরকার। এ নিয়ে সীমান্তে নতুন করে বিএসএফ কর্তৃক পুশব্যাকের শঙ্কা তৈরি হয়।
এদিকে জানা গেছে, যশোরের বেনাপোল সীমান্তের শূন্যরেখায় তিন দিন ধরে আটকে আছেন নারী ও শিশুসহ ১২ জন। তারা ভারতীয় নাকি বাংলাদেশি নাগরিক- এই প্রশ্নে তৈরি হয়েছে জটিলতা। বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকেও কোনো সমাধান মেলেনি। ফলে বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এদিকে, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমেদ জানান, এই মামলায় সাক্ষ্যগ্রহন চলছে। বিচারাধীন বিষয়ে কোন মন্তব্য করতে চাইনা। তবে সবার প্রত্যাশা বিচার কাজ দ্রুত শেষ হবে। এতে রায় কি হবে সেটা আদালতের এখতিয়ার।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গল সলিমপুরে কাউকে উচ্ছেদ করা হবে না। তবে সন্ত্রাসীদের বিষয়ে জিরো টলারেন্স অবস্থান ধরে রেখেছে সরকার।
(নিউজ ডেস্ক ইনডিপেনডেন্ট টিভি)
আপনার মতামত লিখুন :