ব্রেকিং নিউজ :

কলারোয়ায় এক ব্যক্তিকে অপহরণ করে মারধর ও পায়ের নখ তুলে নেওয়ার অভিযোগ


প্রকাশের সময় : মে ৩১, ২০২৬, ৬:০৩ অপরাহ্ন | ৫৯
কলারোয়ায় এক ব্যক্তিকে অপহরণ করে মারধর ও পায়ের নখ তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কলারোয়া (সাতক্ষীরা):

সাতক্ষীরার কলারোয়ায় মো. কামরুজ্জামান বাবু (পিতা: আব্দুল মাজেদ, গ্রাম: বেলী, উপজেলা: কলারোয়া) নামে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং পায়ের নখ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, শনিবার (৩১ মে) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার উত্তর সোনাবাড়িয়া গাইনপাড়া এলাকা থেকে একদল ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে উত্তর সোনাবাড়িয়া গ্রামের একটি স্থানে নিয়ে তাকে মারধর করা হয় বলে তিনি দাবি করেন।
অভিযোগে উত্তর সোনাবাড়িয়া গ্রামের সাইফুল, আইজুল ইসলাম, ইমন হোসেন ও আরিফুল ইসলামসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা তাকে ইট ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে এবং তার বাম পায়ের একটি নখ তুলে নেয়।

কামরুজ্জামান বাবু জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। এ বিষয়ে তিনি গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন বলে দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, তার কাছ থেকে জোরপূর্বক জমি লিখে নেওয়ার উদ্দেশ্যে একটি স্ট্যাম্পে স্বাক্ষর করতে চাপ দেওয়া হয়। তিনি এতে রাজি না হওয়ায় তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন।

এ বিষয়ে কলারোয়া থানার দায়িত্বশীল একটি সূত্র জানায়, অভিযোগ পাওয়া গেলে বা লিখিতভাবে দাখিল করা হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।