ব্রেকিং নিউজ :

ইসলামী শ্রমনীতি বাস্তবায়নেই সুরক্ষিত হবে শ্রমিকের অধিকার— এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ


প্রকাশের সময় : মে ১, ২০২৬, ২:৪৪ অপরাহ্ন | ২৩৯
ইসলামী শ্রমনীতি বাস্তবায়নেই সুরক্ষিত হবে শ্রমিকের অধিকার— এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ

ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার সুরক্ষিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কলারোয়ায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার উদ্বোধন করা হয়। সংগঠনের সভাপতি প্রভাষক মাওলানা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, শ্রমিকরা আল্লাহর বন্ধু। তাদের গায়ের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধ করা উচিত। শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও আস্থার সম্পর্ক গড়ে উঠলে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সহজ হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে এবং ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

সভায় আরও বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনি, অধ্যক্ষ আবু নসর, অধ্যক্ষ আবু বক্কার সিদ্দীক, কলারোয়া পৌর জামায়াতের আমির মো. ইউনুস আলী বাবু এবং কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আহম্মদ আলী।

এ সময় রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মাওলানা মো. মতিউর রহমান, আনিছুর রহমান পলাশ, জামায়াতে ইসলামীর টিম লিডার মো. রাকিব হোসেন, মাওলানা মো. মতিয়ার রহমান, আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ মশিউর রহমান।