ব্রেকিং নিউজ :

কলারোয়ায় শিশু ধর্ষণ: ১ বছরেই আসামির যাবজ্জীবন, সাতক্ষীরায় দ্রুততম বিচারের রেকর্ড


প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন | ৪৫৯
কলারোয়ায় শিশু ধর্ষণ: ১ বছরেই আসামির যাবজ্জীবন, সাতক্ষীরায় দ্রুততম বিচারের রেকর্ড

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক 

সাতক্ষীরার কলারোয়ায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল, ২০২৬) দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

এটি সাতক্ষীরায় নবগঠিত ‘বিশেষ শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল’-এর অধীনে প্রথম কোনো মামলার রায়, যা রেকর্ড দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হলো।

ঘটনার বিবরণ মামলার নথি থেকে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ বিকেলে কুশোডাঙ্গা গ্রামের ওই শিশুটি ইফতারের বাসন মেজে বাড়ি ফিরছিল। পথিমধ্যে পারিখুপি গ্রামের বাসিন্দা ইব্রাহিম গাজী তাকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হলে তার আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে এবং ধর্ষক ইব্রাহিমকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।

দ্রুত বিচার প্রক্রিয়া ঘটনার পর শিশুটির নানি খাদিজা বেগম বাদী হয়ে কলারোয়া থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সেকেন্দার আলী দ্রুত তদন্ত শেষ করে ২০২৫ সালের ২০ জুন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর ২০২৬ সালের ৭ জানুয়ারি আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় চার্জ গঠন করে বিচার শুরু হয়। মাত্র ৯ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই চূড়ান্ত রায় ঘোষণা করা হলো।

প্রতিক্রিয়া রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) শেখ আলমগীর আশরাফ বলেন, “এই রায় বিচারপ্রার্থীদের আস্থার প্রতীক। মাত্র এক বছরের মধ্যে বিচার সম্পন্ন হওয়া বিচার বিভাগের জন্য একটি মাইলফলক। আমরা ন্যায়বিচার পেয়েছি।”

তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমডি সাইফুল্লাহ ও খাইরুল বদিউজ্জামান রায়ের বিষয়ে ভিন্ন মত পোষণ করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি ইব্রাহিম গাজী আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাকে কড়া পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।