
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক স্থানীয় নেতাসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আনারুল ইসলাম (৫৯) এবং একই গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে জিআর পরোয়ানাভুক্ত আসামি খাদিমুল বিশ্বাস ওরফে মোঃ আরিফুল ইসলাম (৩১)।
পুলিশ জানায়, কলারোয়া থানা পুলিশের একটি চৌকস দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এর মধ্যে একটি নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও স্থানীয় নেতা আনারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে খাদিমুল বিশ্বাস সিআর/জিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, পুলিশের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রোববার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :