ব্রেকিং নিউজ :

কলারোয়ায় থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন | ১১৯
কলারোয়ায় থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-১,  ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার পুরিয়া গাঁজাসহ হযরত আলী (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে কলারোয়া পৌরসভার তুলসীডাঙ্গা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার পরিহিত শার্টের বুক পকেট থেকে চার পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ।

আটক হযরত আলী তুলসীডাঙ্গা এলাকার জবেদ আলী গাজীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে আইনগতভাবে প্রমাণিত তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশ এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা গাঁজা পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পরে কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সিরাজুল সালেহীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪২(১) ধারায় হযরত আলীকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কলারোয়া থানার ওসি মিজানুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানসহ অপরাধ দমনে থানা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।