ব্রেকিং নিউজ :

কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে সমন্বয় কর্মশালা


প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৮:৪৫ পূর্বাহ্ন | ১৬৯
কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে সমন্বয় কর্মশালা

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক 

সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে এক সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ পর্যায়ে দ্রুত ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরতেই এ কর্মশালার আয়োজন করা হয়।

শনিবার উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত “সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।

কর্মশালায় সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ও সাংবাদিক মোস্তাক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার ওসি এইচ এম শাহীন, উপজেলা সমাজসেবা অফিসার নূরে আলম, যুব উন্নয়ন অফিসার রেজাউল হক, মহিলা বিষয়ক অফিসার নুরুন্নাহার আক্তার, আইসিটি অফিসার মোতাহার হোসেন, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা।

আয়োজকরা জানান, গ্রাম আদালত গ্রামের সাধারণ মানুষের জন্য দ্রুত ও কম খরচে বিচার পাওয়ার একটি কার্যকর মাধ্যম। ছোটখাটো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে মাত্র সাত দিনের মধ্যেই অভিযোগ নিষ্পত্তির সুযোগ রয়েছে।

গ্রাম আদালতে ফৌজদারি অভিযোগের মধ্যে চুরি, দাঙ্গা, প্রতারণা, ঝগড়া-বিবাদ, মারামারি, সম্পত্তি আত্মসাৎ, অন্যায় আটক, ভয়ভীতি প্রদর্শন, নারীর শালীনতাহানির উদ্দেশ্যে কটূক্তি বা অঙ্গভঙ্গির মতো বিষয় নিষ্পত্তি করা হয়।

এছাড়া দেওয়ানি অভিযোগের আওতায় পাওনা টাকা আদায়, স্থাবর ও অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, জবর দখল বা ক্ষতিসাধনের ক্ষতিপূরণ, গবাদিপশুর অনধিকার প্রবেশজনিত ক্ষতি, কৃষি শ্রমিকের মজুরি ও ক্ষতিপূরণ এবং স্ত্রীর বকেয়া ভরণপোষণ আদায় সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করা হয়।

বক্তারা বলেন, গ্রাম আদালতের প্রতি মানুষের আস্থা বাড়াতে এবং বিচারপ্রার্থীদের সচেতন করতে সরকারি দপ্তর ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া গ্রাম আদালতে আইনজীবী নিয়োগের বিধান না থাকায় সাধারণ মানুষ সহজেই এখানে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।