ব্রেকিং নিউজ :

কলারোয়া পশু হাটে ক্রেতা সংকট, দুশ্চিন্তায় গরু ব্যবসায়ীরার


প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ৪:৪২ অপরাহ্ন | ১৫৯
কলারোয়া পশু হাটে ক্রেতা সংকট, দুশ্চিন্তায় গরু ব্যবসায়ীরার

রাশেদুল কবির সবুজ 

পবিত্র ঈদুল আযহা সামনে রেখে জমে ওঠার কথা ছিল সাতক্ষীরার কলারোয়া পশুর হাট। তবে ঈদের আর মাত্র পাঁচ দিন বাকি থাকলেও প্রত্যাশিত ক্রেতা না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন গরু ব্যবসায়ীরা। বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা গরু-ছাগল নিয়ে হাটে আসছেন। তবে হাটে পশুর সরবরাহ বাড়লেও সেই তুলনায় ক্রেতার উপস্থিতি কম। গরুর দামকে নাগালের বাইরে বলছেন ক্রেতারা। অন্যদিকে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ বিক্রেতারাও।

শুক্রবার (২২ মে) জেলার অন্যতম বড় মুক্তাগাছার নতুন বাজার পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকেই হাটজুড়ে ছিল গরু-ছাগলের সারি। কেউ গরুর দড়ি ধরে দাঁড়িয়ে আছেন, কেউ সম্ভাব্য ক্রেতার সঙ্গে দরদাম করছেন। তবে পুরো হাটজুড়ে ছিল ধীরগতি। পশু উঠেছে অনেক, কিন্তু ক্রেতা তুলনামূলক কম।

গরু ব্যবসায়ী আব্দুল আহাদ জানান, “গত বছরের তুলনায় এবার গরুর দাম অনেক কম। তারপরও ক্রেতা কম থাকায় আমরা বিপাকে আছি। হাটে গরু আছে প্রচুর, কিন্তু বিক্রি হচ্ছে খুবই কম।”
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে অনেক খামারি তাদের গরু বাজারে নিয়ে আসায় হাটে পশুর সরবরাহ বেড়েছে। এতে বাজারে গরুর সংখ্যা বেশি দেখা গেলেও ক্রেতা সংকটের কারণে ব্যবসায়ীরা আশানুরূপ লাভের মুখ দেখতে পারছেন না।
গরু ব্যবসায়ী হুলহুলিয়া জিয়াউল ইসলাম বলেন, ঈদের আগে কলারোয়ায় আর একটি বড় পশুর হাট বসবে আগামী ২৫ মে সোমবার। সেই হাটকে ঘিরেই এখন শেষ আশা দেখছেন তারা। তবে ওই হাটেও যদি বিক্রি না বাড়ে, তাহলে অনেক ব্যবসায়ীকে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের ধারণা, দেশের সামগ্রিক অর্থনৈতিক চাপ ও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় এবার পশুর হাটে ক্রেতার উপস্থিতি কম দেখা যাচ্ছে। ফলে ঈদকে কেন্দ্র করে বড় বিনিয়োগ করা খামারি ও ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে উদ্বেগ।