
হাফিজুল ইসলাম
কলারোয়ার সোনাবাড়িয়ায় স্থানীয় নাগরিকদের সঙ্গে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকাল ৫টায় সোনাবাড়িয়ার রামকৃষ্ণপুর গার্লস স্কুল প্রাঙ্গণে সীমান্তবর্তী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাদরা ৩৩ বিজিবির কমান্ডার রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার গোলাম কবীর, বুঝতলা আবু বক্কর সিদ্দিক (রা.) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হাই, ওমর ইবনে খাত্তাব (রা.) দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো. আবু সাঈদ ও বিশিষ্ট শিক্ষাবিদ মো. মাহবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান ও মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে বিজিবি কমান্ডার রফিকুল ইসলাম বলেন, সরকারের বিশেষ কিছু আইনের আওতায় বিজিবিকে বলপ্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। তবে দেশের নাগরিক হিসেবে সীমান্ত এলাকার মানুষেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সীমান্তে সংঘটিত বিভিন্ন অপরাধের জন্য বিজিবিকে জবাবদিহি করতে হয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যারা শূন্যরেখা অতিক্রম করে ভারতে গিয়ে গরু চোরাচালান কিংবা মাদক কারবারের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের সতর্ক করা হচ্ছে। সীমান্তে এসব অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে যাবে।
এ সময় সীমান্ত এলাকার চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে প্রতিহত করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :