
মোঃ জাবিদ হাসান
তারুণ্যের শক্তি, দেশের সমৃদ্ধি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম,উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যাপক রইস উদ্দিন । এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় যুবসমাজের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, যুবসমাজ হচ্ছে দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। একটি সমৃদ্ধ, উন্নত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে যুবকদের মেধা, শ্রম, দক্ষতা ও সৃজনশীলতাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
তারা আরও বলেন, বর্তমান সময়ে যুবকদের শুধু শিক্ষিত হলেই চলবে না, বরং যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। তথ্যপ্রযুক্তি, কারিগরি শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুবসমাজকে দেশের কল্যাণে এগিয়ে আসতে হবে।
বক্তারা যুবসমাজকে মাদক, সন্ত্রাস, সামাজিক অবক্ষয় ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা মনে করেন, যুবকদের যথাযথ দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
জাতীয় যুব দিবস উপলক্ষে কলারোয়ায় আয়োজিত এ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যুবসমাজের সম্ভাবনা, অধিকার, দক্ষতা এবং দেশ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি নতুন করে তুলে ধরা হয়।
আপনার মতামত লিখুন :