
কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় আট মাস আগে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংবাদ ও ভিডিও প্রকাশের পর ‘কলারোয়া প্রতিদিন’, ‘ক্রাইম বার্তা’, ‘সাতক্ষীরা টেলিভিশন’সহ কয়েকটি ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চুরি হওয়া মোটরসাইকেলটি কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আশরাফ হোসেনের কাছে পাওয়া যায়। এ বিষয়ে জানতে চাইলে আশরাফ হোসেন দাবি করেন, তিনি মোটরসাইকেলটি উপজেলা কৃষক দলের সেক্রেটারি মনিরের কাছ থেকে ব্যবহারের জন্য নিয়েছেন।
এদিকে, মোটরসাইকেল উদ্ধারসংক্রান্ত ঘটনা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত এসব সংবাদ ও ভিডিওকে ‘অপপ্রচার ও মানহানিকর’ দাবি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগের বিবরণ অনুযায়ী, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে মো. আশরাফ হোসেনের ছেলে মো. আবির হোসেন বাদী হয়ে ‘কলারোয়া প্রতিদিন’, ‘ক্রাইম বার্তা’, ‘সাতক্ষীরা টেলিভিশন’সহ কয়েকটি ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগে উত্থাপিত দাবিগুলোর সত্যতা, মোটরসাইকেলটির মালিকানা ও হস্তান্তরের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
এ বিষয়ে কলারোয়া থানা পুলিশের বক্তব্য এবং অভিযোগের পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
তবে সচেতন সাংবাদিকগন এই ঘটনাকে গনমাধ্যমের কন্ঠরোধ করার অপপ্রয়াস বলে উদ্বেগ প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :