
লিটন ঘোষ বাপি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে দেবহাটায় পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন স্প্রে ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ‘ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা সপ্তাহ’ উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় সখিপুর বাজারের সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণ থেকে এ কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনের পর সখিপুর বাজারের মাছ বাজার, কাঁচাবাজার, মুরগির পট্টি, বাজার জামে মসজিদ, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন স্প্রে ছিটানো এবং সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ এমদাদুল হক, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক আফছার আলীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।
আপনার মতামত লিখুন :