
বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছী ইউনিয়নের কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনে ইসমাইল হোসেন ও মেকাঈলের ঘের থেকে ড্রেজিং মেশিনের মাধ্যমে ফের বালু উত্তোলন শুরু হয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞার পর কিছুদিন বন্ধ থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে তৃতীয়বারের মতো বালু উত্তোলন শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, বিএনপির কয়েকজন নেতার পৃষ্ঠপোষকতায় এবং স্থানীয় ইউপি সদস্য ইয়ার আলীর সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মেকাঈল বিজিবি ক্যাম্পে কাজ করেন বলেও স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামকে জানানো হলে তিনি বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন। এরপর কিছুদিন কার্যক্রম বন্ধ থাকলেও পুনরায় বালু উত্তোলন শুরু হয়। বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বালু নামানোর স্থান থেকে কিছু পাইপ ও সরঞ্জাম সরিয়ে নেওয়া হলেও মূল ঘেরে বালু উত্তোলনের মেশিন এবং আনলোড পয়েন্ট পর্যন্ত পাইপ রেখে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, প্রশাসনের নজরদারি কম থাকলে আবারও পুরোদমে বালু উত্তোলন শুরু হতে পারে। তাঁদের অভিযোগ, সংবাদ প্রকাশের পর এ বিষয়ে সাংবাদিককে বিভিন্ন মহল থেকে ফোন করে আপত্তিকর ও অপ্রাসঙ্গিক কথা বলা হচ্ছে।
স্থানীয়দের দাবি, শুক্রবার ও শনিবার সরকারি ছুটির সুযোগ নিয়ে বালু উত্তোলনকারীরা আবারও কার্যক্রম শুরু করেছেন। তাঁদের ভাষ্য, প্রশাসনের নির্দেশ অমান্য করে বারবার বালু উত্তোলনের এ ঘটনা যেন প্রশাসনের সঙ্গে লুকোচুরি খেলার মতো।
এ অবস্থায় পরিবেশের ভারসাম্য রক্ষা, ঘের ও আশপাশের জমির সম্ভাব্য ক্ষতি প্রতিরোধ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
আপনার মতামত লিখুন :