ব্রেকিং নিউজ :

পাটকেলঘাটায় চলমান বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে এমপির মতবিনিময় সভা


প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৪:২০ অপরাহ্ন | ১৯৯
পাটকেলঘাটায় চলমান বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে এমপির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি 

পাটকেলঘাটায় চলমান বিদ্যুৎ পরিস্থিতি, গ্রাহকসেবা উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ’র সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) সন্ধ্যায় পাটকেলঘাটাস্থ সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ আজিজুর রহমান সরকার।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় কিছু এলাকায় সাময়িক সমস্যার সৃষ্টি হলেও তা দ্রুত সমাধানে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে। তিনি জনগণের ভোগান্তি কমাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, তালা ও কলারোয়া উপজেলার মানুষ যেন স্বল্প ভোগান্তিতে বিদ্যুৎ সেবা পায়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। কোথাও লোডশেডিং বা লাইনের ত্রুটি দেখা দিলে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। পাশাপাশি গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিদ্যমান বিদ্যুৎ পরিস্থিতি, অতিরিক্ত লোড ব্যবস্থাপনা, ট্রান্সফরমারের সক্ষমতা বৃদ্ধি, নতুন সংযোগ প্রদান, লাইন সংস্কার এবং ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত লাইনের দ্রুত মেরামতসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম, হাফেজ শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় পল্লী বিদ্যুতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বিদ্যুৎ সেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং জনভোগান্তি কমাতে সমন্বিত উদ্যোগের প্রত্যয় ব্যক্ত করেন।