
নিজস্ব প্রতিবেদক:
শার্শার সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল মাদ্রাসায় প্রতিষ্ঠানের সার্বিক একাডেমিক কার্যক্রম ও দাখিল পরীক্ষার ফলাফল আরও উন্নত করার লক্ষ্যে গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বেলা ১২টায় মাদ্রাসার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ মোমিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মোঃ ফারুক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সহ-সভাপতি মোঃ রুহুল কুদ্দুস গাজী। এ সময় গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ ও প্রতিষ্ঠানের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
সভায় প্রতিষ্ঠানের বর্তমান একাডেমিক কার্যক্রম, দাখিল পরীক্ষার ফলাফল এবং শিক্ষার গুণগত মান আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবারের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠান থেকে মোট ২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৫ জন উত্তীর্ণ হয়েছে—এ ফলাফল পর্যালোচনা করে আগামীতে আরও ভালো ও সন্তোষজনক ফলাফল অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়া, বিষয়ভিত্তিক প্রস্তুতি জোরদার, নিয়মিত পরীক্ষা গ্রহণ ও ফলাফল মূল্যায়ন এবং অভিভাবকদের সঙ্গে কার্যকর যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় গভর্নিং বডির পক্ষ থেকে প্রতিষ্ঠানের ফলাফল ও শিক্ষার মান আরও সুন্দর করতে শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামীতে প্রতিষ্ঠানের সুনাম ও ফলাফল আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সুন্দর করা এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে শিক্ষক, গভর্নিং বডি, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :