
আরিফুল ইসলাম:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক নিয়মতান্ত্রিক প্রক্রিয়া ও সংবিধান অনুসরণে সাতক্ষীরা জেলা শাখার অধীনস্থ আশাশুনি উত্তর থানা শাখার ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য নতুন ‘কমিটি সেটআপ’ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে আবু বক্কর সিদ্দিক এবং সেক্রেটারি হিসেবে মো. আব্দুস সালাম দায়িত্ব পেয়েছেন।
আজ ২০ জুলাই (রবিবার) আশাশুনি উপজেলা জামায়াতের কার্যালয় আল-আমিন ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সদস্য ও কর্মী সমাবেশে সংগঠনের ঐতিহ্যবাহী নিয়মানুযায়ী এই নতুন সেশনের দায়িত্বশীল নির্বাচন ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
থানা শাখার সদ্য বিদায়ী সভাপতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান নির্বাচন কর্মকর্তা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হোসেন। তিনি সংগঠনের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত থানা সভাপতিকে শপথ বাক্য পাঠ করান এবং পরবর্তীতে পরামর্শ সাপেক্ষে নতুন সেক্রেটারির নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন স্থানীয় জামায়াতের সর্বোচ্চ অভিভাবক ও উপজেলা আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার। এ সময় তিনি নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা দাওয়াহ সম্পাদক আনিসুর রহমান, শিবির নেতা মোখলেছুর রহমানসহ থানা শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
সংগঠনের পূর্ববর্তী ধারাবাহিকতা বজায় রেখে নবনির্বাচিত নেতৃবৃন্দ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার এবং থানা এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী সভাপতি নতুন সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
আপনার মতামত লিখুন :