ব্রেকিং নিউজ :

দক্ষিণ কামার বায়সায় জামায়াত-বিএনপির মতবিনিময় সভা, বিরোধের মীমাংসা


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ২:১৭ অপরাহ্ন | ১১৯
দক্ষিণ কামার বায়সায় জামায়াত-বিএনপির মতবিনিময় সভা, বিরোধের মীমাংসা

বাঁশদহা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নের দক্ষিণ কামার বায়সা গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ পারস্পরিক সমঝোতার মাধ্যমে মীমাংসা করা হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের উদ্যোগে একটি মতবিনিময় ও মীমাংসা সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ২৪ জুলাই ২০২৬ তারিখে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মন্তব্য-পাল্টা মন্তব্য ও উত্তেজনার সৃষ্টি হয়। এর জের ধরে ২৬ জুলাই দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে ছাত্রশিবির কর্মী মো. মেহেদী হাসান গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
পরিস্থিতি আরও জটিল না করে আদালতে মামলা দায়েরের পরিবর্তে পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেন স্থানীয় বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
মীমাংসা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির মাওলানা এ. টি. এম. নাজমুল হুদা, ইউনিয়ন সেক্রেটারি ডা. ওসমান গনি, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী, চেয়ারম্যান পদপ্রার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বাসিন্দারা।
সভায় উভয় পক্ষের বক্তব্য শোনার পর আহত মেহেদী হাসান ও মাসুমের পিতা, ভাই এবং স্বজনদের উপস্থিতিতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিরোধের মীমাংসা করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ভবিষ্যতে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ, গুজব ও উসকানিমূলক মন্তব্য থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে উভয় পক্ষই ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি এড়াতে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।