ব্রেকিং নিউজ :

কলারোয়ার লাঙ্গলঝাড়ায় জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক, ৯ ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের পরিচিতি ঘোষণা


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ২:৫৯ অপরাহ্ন | ৯৯
কলারোয়ার লাঙ্গলঝাড়ায় জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক, ৯ ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের পরিচিতি ঘোষণা

কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭:৩০ মিনিটে লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসা মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মনোনীত মেম্বার প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মশিয়ার রহমান। সঞ্চালনায় ছিলেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আজহারুল ইসলাম।
কর্মী শিক্ষা বৈঠকে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সূরা সদস্য ও কলারোয়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আহম্মাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দল হামিদ, লাঙ্গলঝাড়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ আতিয়ার রহমান মোল্লা।
এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং প্রত্যেক ইউনিট ও ঘর থেকে বিপুল সংখ্যক কর্মী বৈঠকে অংশগ্রহণ করেন।
বক্তারা কর্মীদের উদ্দেশ্যে ইসলামী আন্দোলনের আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা, নৈতিকতা, দায়িত্ববোধ এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একজন কর্মীকে আদর্শিকভাবে সুদৃঢ় ও জনগণের কল্যাণে নিবেদিত থাকতে হবে। পাশাপাশি সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
বৈঠকের গুরুত্বপূর্ণ পর্বে লাঙ্গলঝাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মনোনীত মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করা হয় এবং উপস্থিত কর্মীদের সঙ্গে তাদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত কর্মীরা করতালির মাধ্যমে প্রার্থীদের স্বাগত জানান এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও জনগণের সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মী শিক্ষা বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।