
কলারোয়া ব্যুরো
বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের আয়োজনে কলারোয়া ইকরা চাইল্ড ক্যাডেট একাডেমি অ্যান্ড মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে নমুনা প্যাক মিটিং, কাব-স্কাউটিং কার্যক্রম, খেলাধুলা, বৃক্ষরোপণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১:৩০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমরান হুসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের আঞ্চলিক যুগ্ম সম্পাদক এবং বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেনসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ ইমরান হুসাইন বলেন, “আমরা আমাদের প্রতিষ্ঠানে কাব-স্কাউটিং কার্যক্রম চালু করতে চাই এবং শিক্ষার্থীদের শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনের উপযোগী করে গড়ে তুলতে চাই। এ বিষয়ে বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের সার্বিক সহযোগিতা কামনা করছি।”
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মিজানুর রহমান বলেন, কাব-স্কাউটিং শিশুদের শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা পালন করে। তিনি আরও জানান, প্রতি শুক্রবার ও শনিবার বিকেল ৫টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট হলরুমে বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের নিয়মিত স্কাউটিং কার্যক্রম পরিচালিত হয় এবং প্রতিবছর এ গ্রুপের সদস্যরা শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট’স স্কাউট (পিএস) অ্যাওয়ার্ড ও সিডি অ্যাওয়ার্ড অর্জন করে আসছে। তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত কাব-স্কাউটিং কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেন।
ইকরা চাইল্ড ক্যাডেট একাডেমি অ্যান্ড মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের রোভার নোশাইবা শারমিলী (শাপলা, পিএস ও সিডি অ্যাওয়ার্ডপ্রাপ্ত) শিক্ষার্থীদের কাব-স্কাউটিংয়ে অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় রোভার মোঃ আসানুর রহমান, আনিকা তাহসিন, অর্পা, ছুরাইয়া, স্কাউট আখি ও সুহানাসহ গ্রুপের অন্যান্য সদস্যরা বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন।
অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে উপহার হিসেবে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। বিজয়ীদের মধ্যে ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জের কন্যা ২য় শ্রেণির ছাত্রী আয়েশা সিদ্দিকা সাইমা, ৩য় শ্রেণির ছাত্রী বুশরা, ৪র্থ শ্রেণির ছাত্র সাদবিন রাজিম এবং ৫ম শ্রেণির ছাত্র সোহানুর রহমান।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের সহকারী ইউনিট লিডার উৎস কুমার দাস।
আপনার মতামত লিখুন :