ব্রেকিং নিউজ :

আশাশুনির প্রতাপনগরে সড়ক সংস্কারে জামায়াত-শ্রমিক কল্যাণ ফেডারেশন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ন | ২০৯
আশাশুনির প্রতাপনগরে সড়ক সংস্কারে জামায়াত-শ্রমিক কল্যাণ ফেডারেশন

এস,এম মোস্তাফিজুর রহমান
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজার থেকে প্রতাপনগর মাদ্রাসা পর্যন্ত ব্যস্ততম সড়কের তিন জায়গায় দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে সংস্কারকাজে নেমেছেন জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ইউনিয়ন জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে সংস্কারকাজ করা হয়। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে বেহাল অবস্থার কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।
বিশেষ করে তিনটি জায়গায় সড়কের অবস্থা খারাপ হওয়ায় প্রতিদিনই ভোগান্তিতে পড়ছিলেন স্থানীয় বাসিন্দা,ব্যবসায়ী,পথচারীরা ও যানবাহন চালকরা।
স্থানীয়দের অভিযোগ,গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে প্রতাপনগরসহ আশপাশের এলাকার মানুষ প্রতিদিন বাজার,শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল।
এ অবস্থায় স্থানীয় উদ্যোগে সংস্কারকাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
সংস্কারকাজে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক শাহজাহান হোসেন,উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াসাত আলী,ইউনিয়ন জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, শ্রমিক নেতা আলহাজ্ব মাওলানা মোয়াজ্জেম হোসাইন, ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা বেলাল হোসেন,তালতলা বাজার কমিটির সভাপতি ডা. খাইরুল ইসলামসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী।
এ সময় স্থানীয়রা সড়কটির ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত স্থায়ীভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।