
জাহিদুল ইসলাম
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় কলারোয়া উপজেলায় সর্বমোট ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে বলে জানানো হয়। এ সময় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং সব মহলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, কলারোয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন রশিদ, কলারোয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরশাফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ কামারুজ্জামান, সাবেক কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রকিব মোল্ল্যা, বিএনপি নেতা শরিফুজ্জামান তুহিন, পৌর জামায়াতের আমীর ইউনুস আলী বাবু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রকাশ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক দেবাশীষ দাসসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিজিবির সদস্য এবং বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ।
সভা শেষে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে শারদীয় দুর্গোৎসব সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :