
ঝাউডাঙ্গা প্রতিনিধি:
সাতক্ষীরার তুজলপুর বাজার জামে মসজিদের দানবাক্স থেকে দফায় দফায় অর্থ চুরি এবং পরবর্তীতে চুরির টাকা ফেরত চাওয়ায় মসজিদ কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৪টায় ঝাউডাঙ্গার তুজলপুর বাজার জামে মসজিদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে মসজিদ কমিটি ও স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা জানান, তুজলপুর বাজার জামে মসজিদের দানবাক্স থেকে মোট ৫ বারে প্রায় ৭০ হাজার টাকা চুরি হয়। তদন্তে চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর জড়িতদের কাছে টাকা ফেরত চাওয়া হয়। কিন্তু অভিযুক্তরা টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা শুরু করে। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর চুরির টাকা ফেরত চাইতে গেলে মসজিদ কমিটির সভাপতি মোঃ সেলিম হোসেনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে হামলাকারীরা। এ সময় প্রকাশ্য দিবালোকে শাহাজাহান, বাবু ও দিপুসহ তাদের সহযোগীরা সভাপতির ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে তাঁকে বেধড়ক মারপিট ও আহত করে।
এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী হামলাকারী শাহাজাহান, বাবু ও দিপুকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
মানববন্ধনে মসজিদ কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ মুসল্লি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :