
কলারোয়া প্রতিনিধি
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, “জনপ্রতিনিধিরা জনগণের সেবক। জনগণের রায়ে নির্বাচিত হয়ে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই; বরং সাধারণ মানুষের দুয়ারে গিয়ে তাদের সুবিধা-অসুবিধা ও অভাব-অভিযোগের কথা শোনা এবং তা সমাধানের উদ্যোগ নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।”
বুধবার (৭ অক্টোবর) বিকেলে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিকেলে হেলাতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে উপস্থিত হন সংসদ সদস্য। এ সময় তিনি ইউনিয়নের ব্রজবাকসা বাজার, উত্তর দিগং এবং হেলাতলা বাজারে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। বিশেষ করে স্থানীয় চায়ের দোকানে বসে সাধারণ খেটে খাওয়া মানুষের সঙ্গে চা পানে অংশ নেন এবং একেবারে তাদের সঙ্গে একাকার হয়ে যান। সাধারণ মানুষের সুখ-দুঃখ ও দীর্ঘদিনের অভাব-অভিযোগের কথা তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মনোযোগ দিয়ে শোনেন। নিজের এলাকার সংসদ সদস্যকে এমন আতিথেয়তা ও সাবলীল ভঙ্গিতে পাশে পেয়ে স্থানীয় সাধারণ মানুষ দারুণ মুগ্ধ ও সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন জনপ্রতিনিধির সরাসরি সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শোনার এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের সঙ্গে আস্থার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। সংসদ সদস্যরা নিজ নির্বাচনী এলাকায় নিয়মিত গণসংযোগ, উন্মুক্ত বৈঠক বা মতবিনিময়ের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেলে তৃণমূলের মানুষের সমস্যার সমাধান ত্বরান্বিত হয়।
এ সময় সংসদ সদস্যের সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামান, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, অফিস সম্পাদক জাহিদ হাসান মিঠু, হেলাতলা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ হযরত আলী এবং সেক্রেটারি মোঃ ইমামুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
গণসংযোগ ও চা চক্রের অনাবিল আড্ডা শেষে সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ হেলাতলা ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং আগামীতেও সাধারণ মানুষের অধিকার সুরক্ষায় এ ধরনের মাঠপর্যায়ের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।
আপনার মতামত লিখুন :