ব্রেকিং নিউজ :

বড়দলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ,৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগে থানায় এজাহার


প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ৩:৪০ অপরাহ্ন | ১৬৯
বড়দলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ,৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগে থানায় এজাহার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল বিলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। ঘেরের মালিকানা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগকারী দাবি করেছেন। এ ঘটনায় বড়দল গ্রামের জাহিদুল ইসলাম ও বাবু গাজীর বিরুদ্ধে আশাশুনি থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ঘেরমালিক রেজাউল শেখ।
এজাহার সূত্রে জানা গেছে,উপজেলার বুড়িয়া মৌজার বড়দল বিলে ৩০ বিঘা জমিতে রেজাউল শেখ ও জাহিদুল ইসলামের যৌথ মৎস্য ঘের ছিল। পরে তাঁদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলে জাহিদুল ইসলাম তাঁর অংশ বিক্রির প্রস্তাব দেন। একপর্যায়ে রেজাউল শেখ ১ লাখ ২৬ হাজার টাকার বিনিময়ে জাহিদুলের অংশ কিনে নিয়ে ঘেরটি এককভাবে পরিচালনা করে আসছিলেন।
এজাহারে অভিযোগ করা হয়,ঘেরের অংশ বিক্রির বিষয়টি নিয়ে জাহিদুল ইসলাম ক্ষুব্ধ ছিলেন। এ নিয়ে ঘেরে বিষ প্রয়োগ করে মাছের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন রেজাউল শেখ।
অভিযোগ অনুযায়ী,গত ১৭ অক্টোবর সকাল ৮টার দিকে জাহিদুল ইসলাম ও বাবু গাজী ঘেরে বিষ প্রয়োগ করেন। পরদিন ১৮ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে জাহিদুল ইসলাম পুনরায় ঘেরে বিষ প্রয়োগ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে বাগদা,গলদা, হরিণা,সাদামাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। ঘেরমালিকের দাবি,বিষ প্রয়োগের ঘটনায় তাঁর প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এজাহারে সাব্বির হোসেন,আসলাম সানা ও মহব্বত গাজীকে সাক্ষী করা হয়েছে। তাঁদের মধ্যে একজন প্রথম দিনের এবং অপর দুজন পরদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করা হয়েছে।
ঘটনার প্রতিকার চেয়ে রেজাউল শেখ আশাশুনি থানায় এজাহার দায়ের করেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে না পারায় বক্তব্য পাওয়া যায়নি।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিদুর রহমান জানান,থানার বাহিরে আছি,এজাহার এখনো হাতে পায়নি,হাতে পেলে অফিসার পাঠিয়ে তদন্ত-পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।##