
মিনহাজ হোসেন, ইতালি প্রতিনিধি
ইতালির রাজধানী রোমে বিদেশি নাগরিকদের অধিকার, অংশগ্রহণ ও সামাজিক অন্তর্ভুক্তি জোরদারে গঠিত হয়েছে ‘আন্তঃসাংস্কৃতিক সহাবস্থানের স্থায়ী পরামর্শ পরিষদ’ (Consulta Permanente della Convivenza Interculturale)। রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরির উপস্থিতিতে প্রথম উন্মুক্ত অধিবেশনের মধ্য দিয়ে পরিষদটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
২০২৩ সাল থেকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রস্তুতিমূলক কার্যক্রম এবং ৯টি কর্মদলের মাধ্যমে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হয়। পরিষদটির লক্ষ্য রোম ও আশপাশের মহানগর এলাকায় বসবাসরত ৬ লাখ ৮০ হাজারের বেশি বিদেশি নাগরিকের অধিকার সুরক্ষা, সরকারি সেবায় প্রবেশাধিকার এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ভূমিকা রাখা।
স্বাস্থ্যসেবা, শিক্ষা, আবাসন, কর্মসংস্থান, ভাষাগত প্রতিবন্ধকতা দূরীকরণ, প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ এবং নাগরিক অংশগ্রহণ বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে পরিষদটি কাজ করবে। এতে ৭৪টি সদস্য সংগঠন ও প্রতিষ্ঠানের পাশাপাশি রোম ক্যাপিটাল প্রশাসনের প্রতিনিধিত্ব রয়েছে।
পরিষদে যুক্ত হয়েছে সাতটি বাংলাদেশি সংগঠন—বাংলাদেশ ইমিগ্রেশন অ্যাসোসিয়েশন (বিমাস), ইসলামিক ইনস্টিটিউট অব রোম, মুসলিম কমিউনিটি সেন্টার, অ্যাসোসিয়েশন কালচারালে ইসলামিকা দেল বাংলাদেশ আল আকসা, উলামা কাউন্সিল অব ইতালি, সঞ্চারী সঙ্গীতায়ন ও সর্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির।
রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি বলেন, এ পরিষদ আন্তঃসাংস্কৃতিক সংলাপ ও সরকারি কার্যক্রমে নাগরিকদের অংশগ্রহণকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে। অন্যদিকে, রোম মহানগর পরিষদের সংশ্লিষ্ট কাউন্সিলর তিজিয়ানা বিয়োলঘিনি বলেন, বিদেশি নাগরিকদের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্তর্ভুক্তিমূলক সামাজিক ও সাংস্কৃতিক নীতি প্রণয়নই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সংশ্লিষ্টদের মতে, নতুন এ পরিষদ বিদেশি কমিউনিটিগুলোর প্রতিনিধিত্ব, অধিকার সুরক্ষা এবং রোমের সামাজিক ও নাগরিক জীবনে সক্রিয় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আপনার মতামত লিখুন :