
কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুল ইসলামের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট জমির প্রকৃত মালিকেরা।
২ নভেম্বর (সোমবার) কলারোয়া রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা জানান ইটভাটার জমি মালিকগণের পক্ষে গোলাম রব্বানী।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আলমগীরের স্ত্রী ও পারুল ব্রিকসের মালিক পারুল, জমি মালিক মো: আতিয়ার রহমান, জনাব আলী, আব্দুল হামিদ, সিরাজুল ইসলাম, মোস্তফা ও মুজিবর।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১ নভেম্বর (রবিবার) সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কলারোয়া উপজেলার শাকদহ গ্রামের প্রবাসী রাজু আহমেদ সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও কলারোয়া পৌর সভার সাবেক মেয়র গাজী আখতারুলের বিরুদ্ধে ভাটা দখলের যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ অসত্য।
জমির মালিকেরা জানান, লিজ নেয়া জমিতে
পূর্ববর্তী ভাটা মালিক আলমগীরের সাথে ২০২২ সালের জুন মাসে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়। পরবর্তীতে তিনি চুক্তি নবায়ন করেননি। উল্টো আলমগীর জমি মালিকদের কাছ থেকে অগ্রিম ইট ক্রয় বাবাদ নেওয়া ৭৫ লাখ টাকা অদ্যাবধি পরিশোধ করেননি। রাজু আহমেদ পূর্ববর্তী মালিকের থেকে শেয়ার ক্রয়ের দাবি করলেও জমির মূল মালিকদের সে বিষয়ে কিছুই জানেন না।
জমির মালিকেরা আরও উল্লেখ করেন, সম্পূর্ণ স্বেচ্ছায়, সজ্ঞানে এবং সন্তোষজনক আলোচনার মাধ্যমে গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আগামী ৫ বছরের জন্য তারা গাজী আখতারুল ইসলামের কাছে ভাটার জমি লিজ প্রদান করেছেন। ফলে গাজী আখতারুল সম্পূর্ণ বৈধভাবে ভাটা পরিচালনা করছেন। এখানে দখলদারিত্বের কোনো সুযোগ নেই। রাজু আহমেদ জমির মূল মালিকদের অন্ধকারে রেখে আদালতে মামলা দায়ের ও সংবাদ সম্মেলন করে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে তারা অভিযোগ করেন এবং এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আপনার মতামত লিখুন :