
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:
সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসনের অভিযানে ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত কিশোরীর বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়া মঙ্গলবার (৩ নভেম্বর) ১৪ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে ২০ বছর বয়সী এক যুবকের বিয়ে বন্ধ করে তাঁদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। মানচিত্রদেখুন
সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার জানান, সোমবার (২ নভেম্বর) দুপুরে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে ওই কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। খুলনার ডুমুরিয়া উপজেলার আটুলিয়া গ্রামের মো. জামির গাজীর ছেলে মো. এনামুল গাজীর সঙ্গে তার বিয়ের প্রস্তুতি চলছিল। রিইবের হোপ প্রকল্পের সিএসও সদস্যরা বিষয়টি প্রশাসনকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করেন।
এ সময় খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, মহিলা বিষয়ক ও সমাজসেবা অধিদপ্তরের কর্মী, পুলিশ ও সিএসও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ নিরোধ আইনে কিশোরীর বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে বর ও কনে পক্ষের কাছ থেকে ভবিষ্যতে বাল্যবিবাহে জড়িত না হওয়া এবং এলাকায় এ ধরনের বিয়ে প্রতিরোধে সহযোগিতার মুচলেকা নেওয়া হয়। অভিযানের সার্বিক সমন্বয় করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার।
এদিকে মঙ্গলবার দুপুরে এক অভিভাবকের অভিযোগের ভিত্তিতে ১৪ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে ২০ বছর বয়সী এক যুবকের বিয়ের আয়োজন বন্ধ করে উপজেলা প্রশাসন। পরে তাঁদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :