
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং জাতীয় ঐক্য জোরদারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপের আনুষ্ঠানিক সূচনা হবে। তবে বৈঠকের সময় এখনো চূড়ান্ত হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। লন্ডন সফর শেষে রোববার সন্ধ্যায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকায় ফেরার কথা রয়েছে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করা, সহিংসতা ও নাশকতা মোকাবিলা এবং জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনাই সংলাপে গুরুত্ব পেতে পারে বলে জানা গেছে।
এর আগে ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মধ্যে বৈঠক হয়। এরপরই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে সংলাপের উদ্যোগ নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বানকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এনসিপি। দলটির পক্ষ থেকে গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন সংলাপ প্রক্রিয়ার ধারাবাহিকতা প্রত্যাশা করেন বলে জানিয়েছেন।
এনসিপির পর পর্যায়ক্রমে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোটসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সংলাপে বসবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এ উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
আপনার মতামত লিখুন :