ব্রেকিং নিউজ :

পশ্চিমবঙ্গে মুসলমান নির্যাতনের প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ২:২৯ অপরাহ্ন | ২০৯
পশ্চিমবঙ্গে মুসলমান নির্যাতনের প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক 

ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, মসজিদে অগ্নিসংযোগ ও মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে কলারোয়া উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, আইম্মায়ে মাসাজিদ ও সর্বস্তরের মুসল্লিদের ব্যানারে আয়োজিত এ মিছিলে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি কলারোয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় অংশগ্রহণকারীরা পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও মসজিদ-মাদ্রাসায় অগ্নিসংযোগের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কলারোয়া উপজেলা শাখার সভাপতি ও কলারোয়া থানা জামে মসজিদের খতিব মুহাঃ আসাদুজ্জামান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ ওসমান গনী।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আহম্মদ আলী, কলারোয়া আল মাদানী জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ইমাম হাসান নাসেরী, নতুন বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ রুহুল কুদ্দুস, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা মোঃ তৌহিদুর রহমান, কলারোয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবুল হোসেন ও হাতিয়াভাঙ্গা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ জালাল উদ্দিন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর সহিংসতা, মসজিদ-মাদ্রাসা ও কবরস্থান ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনাগুলো মানবাধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অশনিসংকেত বলেও মন্তব্য করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।

পশ্চিমবঙ্গে শুধু মুসলমানরাই নয়, বিরোধী মতের হিন্দু সম্প্রদায়ের মানুষও নানা নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছেন। তবে ভারতের কোনো ঘটনার প্রতিশোধস্বরূপ বাংলাদেশের কোনো হিন্দু নাগরিকের ওপর আঘাত বা হয়রানির সুযোগ নেই উল্লেখ করে তারা বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের হিন্দু সম্প্রদায় নিরাপদ ছিল, আছে এবং ভবিষ্যতেও নিরাপদ থাকবে।”

সমাবেশে বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য, নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতির কলারোয়া উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও কলারোয়া উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ খাইরুল ইসলাম।