
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক
রাজধানীতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক সভায় সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি। তিনি বলেছেন, সরকারের মধ্যে যদি স্বৈরাচারী হওয়ার খায়েশ জাগে, তবে জনগণের মধ্যেও সেই স্বৈরাচার তাড়ানোর খায়েশ জেগে উঠবে।
রোববার রাতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা হলরুমে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল ‘সবুজ প্যানেল’-এর প্রার্থী পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করে বলেন, ক্ষমতায় বসার মাত্র দুই মাসের মধ্যেই সরকার একদলীয় শাসন ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, “সরকার হয়তো ভুলে গেছে কীভাবে তারা ক্ষমতায় এসেছে। ছাত্র-জনতার রক্তের ওপর ভর করে ক্ষমতায় এসে এখন সেই জনগণের সাথেই বেঈমানি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, সরকার মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। তার প্রশ্ন, “যদি সরকার সত্যিই জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করতে চায়, তাহলে সরকারদলীয় এমপিরা এখনো সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না কেন?”
সরকারের এক মন্ত্রীর সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, “একজন মন্ত্রী নিজেকে সবজান্তা মনে করেন। তিনি প্রধানমন্ত্রীর পক্ষেও কথা বলেন, আইনমন্ত্রীর পক্ষেও কথা বলেন, আবার স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকাও পালন করেন। মনে হয়, তিনিই এককভাবে পুরো সরকার পরিচালনা করছেন।”
তিনি অভিযোগ করেন, সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত হলেও আদালতের “ঘাড়ে বন্দুক রেখে” জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অবিচার করা হয়েছে। বিচারের নামে অবিচারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে আইনজীবীদের ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে আসন্ন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ‘সবুজ প্যানেল’-এর প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন সবুজ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ এবং উপদেষ্টা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
এছাড়াও বক্তব্য দেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন মিঠু, অ্যাডভোকেট আব্দুল বাতেন, অ্যাডভোকেট এ.কে.এম রেজাউল করিম খন্দকার, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট এস. এম কামাল উদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, অ্যাডভোকেট শামসুজ্জামান, অ্যাডভোকেট মাঈন উদ্দিন ও অ্যাডভোকেট শাকিল উদ্দিনসহ অনেকে।
সভায় এটিএম আজহারুল ইসলাম এমপি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬-২৭ উপলক্ষে আইনজীবী ঐক্য প্যানেল ‘সবুজ প্যানেল’-এর প্রার্থীদের নামও ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :