ব্রেকিং নিউজ :

কলারোয়ায় বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় গণহত্যায় পালপাড়ার শহিদদের স্মরণ


প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৩:৫১ অপরাহ্ন | ৭৭৯
কলারোয়ায় বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় গণহত্যায় পালপাড়ার শহিদদের স্মরণ

কামরুল হাসান

শ্রদ্ধা, ভালোবাসা ও মঙ্গলাচারের মধ্য দিয়ে কলারোয়ায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গণহত্যায় পালপাড়ার শহিদদের স্মরণ করলো স্বজন, সতীর্থ ও ভক্তবৃন্দ। ৯ শহিদের মঙ্গল কামনা করে টানা ৪ দিনব্যাপী পালন করা হলো মঙ্গলাচার ও নাম সংকীর্ত্তনসহ নানা অনুষ্ঠান। গত ২৯ এপ্রিল শুরু হওয়া অনুষ্ঠামালার সমাপ্তি ঘটে শনিবার(২ মে)। উদযাপন কমিটির প্রচারপত্র অনুযায়ী শোকাবহ এ দিবস উপলক্ষে কলারোয়ার উত্তর মুরারিকাটি পালপাড়া বধ্যভূমিতে পালপাড়া শহিদ স্মৃতি শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের ভক্তবৃন্দের সম্মিলিতভাবে গৃহীত ৪ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে: ২৯ এপ্রিল, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শুভ অধিবাস আরম্ভ, শহিদ সমাধিস্থলে মঙ্গল প্রদীপ ও মোমবাতি প্রজ্জ্বলন, ৩০ এপ্রিল ও ১ মে, বৃহস্পতি ও শুক্রবার ১৬ প্রহরব্যাপী অখণ্ড মহানাম সংকীর্ত্তন। সবশেষে ২ মে, শনিবার ভোগ মহোৎসব। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রকাশ চন্দ্র হালদার জানান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় ৩০ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলায় নিহত ৯ জন কুম্ভকারের স্মরণে প্রতিবছর পালপাড়ার মানুষ গভীর শ্রদ্ধা নিবেদন ও শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে ৪ দিনব্যাপী নামযজ্ঞ ও সনাতন ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজক কমিটির অন্যতম সদস্য মাস্টার প্রদীপ কুমার পাল বলেন, একাত্তরের ৩০ এপ্রিলে শহিদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ভিত্তি, যা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। অনুষ্ঠানে মহানাম সংকীর্ত্তন পরিবেশন করে খুলনার শ্রীকৃষ্ণ সম্প্রদায়, আদি রাধারানী সম্প্রদায়, মা শেফালী সম্প্রদায়, খুলনার ডুমুরিয়ার গোপীনাথ সম্প্রদায়, সাতক্ষীরা শিবসংঘ সম্প্রদায় ও জয়পদ্মাবতী সম্প্রদায়। অনুষ্ঠান চলাকালীন চারদিনই বিপুল দর্শক ও ভক্তবৃন্দ সশ্রদ্ধিত্তে সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির গোষ্ঠচন্দ্র পাল, ময়নাচন্দ্র পাল, শ্রীকান্ত পাল, লক্ষ্মণ পাল, মাষ্টার দিলিপ কুমার পাল, জয়দেব রায়সহ অন্যরা বলেন, দেশের জন্য প্রাণ দেওয়া স্বজনদের সনাতন ধর্মের আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা স্মরণ করি। এ আয়োজনের একটিই লক্ষ্য দেশপ্রেমে সকলকে উদ্বুদ্ধ করা। কলারোয়ার পালপাড়ার চারদিনব্যাপী পুরো আয়োজন শেষ হলো শনিবার। এ আয়োজনে একদিকে ছিল শোকের আবহ, অন্যদিকে ছিল তাদের আত্মার মঙ্গল কামনায় প্রার্থনা। এ ধরনের উদ্যোগ ইতিহাসকে স্মরণে রাখা এবং দেশের প্রতি মমত্ববোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- এমনটি ধারণা করেন অনুষ্ঠানস্থলে আসা ভক্তবৃন্দ। প্রসঙ্গত উল্লেখ্য, একাত্তরের ৩০ এপ্রিল কলারোয়ার উত্তর মুরারিকাটি পালপাড়ায় পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত গুলিবর্ষণ ও নারকীয় হামলায় নিহত ৯ কুম্ভকার হলেন: বৈদ্যনাথ পাল (৪৫), নিতাই পাল (৪০), গোপাল পাল (৪২), সতীশ পাল (৪৫), রাম চন্দ্র পাল (৪০), বিমল পাল (৪২), রঞ্জন পাল (৪০), অনিল পাল (৪৫) ও রামপদ পাল (৪২)।
এছাড়া, সেদিনের সেই লোমহর্ষক বর্বরোচিত হত্যাযজ্ঞ থেকে ভাগ্যক্রমে বেঁচে ফেরা আহত ত্রৈ লক্ষ পাল সেই ভয়াল স্মৃতির সাক্ষী হয়ে আজও বেঁচে আছেন।