
রাশেদুল কবির সবুজ
কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সমাবেশে স্থানীয় মানুষের সমস্যা-সম্ভাবনার কথা শুনে উন্নয়ন উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
বুধবার (৬ মে) সন্ধ্যা ৭টায় লাঙ্গলঝাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য ও সুশৃঙ্খল এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মশিউর রহমান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, এলাকার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি বক্তব্যের শুরুতেই উপস্থিত সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি মতামত গ্রহণ করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি লাঙ্গলঝাড়া ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, মাদকমুক্ত সমাজ গঠন এবং জরাজীর্ণ সড়ক সংস্কারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা মোঃ ওমর আলী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মোঃ মশিউর রহমান সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশটি অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশাবাদের সঞ্চার করেছে।
আপনার মতামত লিখুন :