
চিকিৎসা বিজ্ঞানে বাংলাদেশের জন্য যুক্ত হতে যাচ্ছে আরও একটি গৌরবময় অধ্যায়। আন্তর্জাতিক দুটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নিয়ে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কৃতি সন্তান ও দেশের বিশিষ্ট স্পাইন সার্জন ডা. মোঃ মাহমুদুল হাসান পলাশ।
আগামী ২৭ মে তুরস্কে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ “গ্লোবাল স্পাইন কংগ্রেস-২০২৬”-এ অংশ নেবেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা স্পাইন সার্জন, গবেষক ও চিকিৎসাবিজ্ঞানীদের উপস্থিতিতে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে তিনি স্পাইন সার্জারির ওপর তিনটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রবন্ধ (Scientific Paper) উপস্থাপন করবেন। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের একজন চিকিৎসকের সক্রিয় অংশগ্রহণ দেশের চিকিৎসা খাতের জন্য অত্যন্ত গৌরবজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
তুরস্কের সম্মেলন শেষে Asia Pacific Spine Society এবং ফিলিপাইন স্পাইন সোসাইটির বিশেষ আমন্ত্রণে তিনি ফিলিপাইনের সেবুতে অনুষ্ঠিতব্য ৩২তম বার্ষিক সায়েন্টিফিক মিটিংয়ে অংশগ্রহণ করবেন। সেখানে আধুনিক প্রযুক্তিনির্ভর স্পাইন সার্জারিকে আরও উন্নত, নিরাপদ ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
অদম্য পথচলায় আন্তর্জাতিক সাফল্য
সাতক্ষীরার গর্ব ডা. মোঃ মাহমুদুল হাসান পলাশ ২০০৬ সালে সুনামের সঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দিয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করেন। চিকিৎসা পেশায় নিজেকে আরও দক্ষ করে তুলতে ২০১৯ সালে অর্থোপেডিক সার্জারিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি।
পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে একাধিক প্রশিক্ষণ ও ফেলোশিপ সম্পন্ন করে আধুনিক ও মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারির একজন দক্ষ সার্জন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
তার আন্তর্জাতিক অর্জনের মধ্যে রয়েছে—
২০২০ সালে ভারতের তামিলনাড়ুতে ‘AO Trauma Course’ এবং আসামের গৌহাটি থেকে ‘AO Spine Certificate Course’ সম্পন্ন করা।
২০২২ সালে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সার্জিক্যাল প্রতিষ্ঠান American College of Surgeons থেকে FACS স্বীকৃতি অর্জন।
২০২৩ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অ্যাডভান্সড স্পাইন ট্রেনিং এবং ভারতের আহমেদাবাদে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির হ্যান্ডস-অন প্রশিক্ষণে অংশগ্রহণ।
২০২৪ সালে সিঙ্গাপুরের National University Hospital থেকে মর্যাদাপূর্ণ ‘AO Spine Fellowship’ অর্জন এবং দিল্লিতে স্পাইন সার্জারি কোর্স সম্পন্ন।
২০২৫ সালে থাইল্যান্ডের ব্যাংককে ‘AO Spine Advanced Course’ সম্পন্নের পাশাপাশি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘International MSS Scientific Congress’ থেকে ফেলোশিপ ডিগ্রি লাভ। একই বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ‘AIN Hospital’-এ স্পাইন সার্জারিতে ফেলোশিপ সম্পন্ন করেন তিনি। এছাড়া ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘Minimally Invasive Lumbar Spine Workshop’-এও সফলভাবে অংশ নেন।
বর্তমানে দেশে আধুনিক ও মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারির প্রসার ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ডা. মোঃ মাহমুদুল হাসান পলাশ।
সাতক্ষীরার এই কৃতি সন্তানের আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্যে স্থানীয় মানুষসহ দেশের চিকিৎসক সমাজে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্বমানের বৈজ্ঞানিক সম্মেলনে বাংলাদেশের চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহণ দেশের চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাবে।
আপনার মতামত লিখুন :