
এস.এম.মোস্তাফিজুর রহমান:
সাতক্ষীরার আশাশুনি সদর ইউনিয়নের মানিকখালী গ্রামে আশঙ্কাজনক হারে চুরির ঘটনা বেড়ে চলেছে। প্রায় প্রতিদিন রাতেই কোনো না কোনো বাড়ি কিংবা মৎস্যঘেরে চুরির ঘটনা ঘটছে। ফলে গ্রামজুড়ে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা আলম জানান,বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাতে একই গ্রামের মৃত আব্দুল মান্নান গাজীর মেয়ে নাজমা খাতুনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরে প্রবেশ করে এক জোড়া স্বর্ণের কানের দুল এবং নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ,সম্প্রতি মৎস্যঘের থেকে মাছ ও বিভিন্ন সরঞ্জাম,বাড়ি থেকে হাঁস-মুরগি,ছাগল,চাল, মোবাইল ফোন,নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান মালামাল চুরির ঘটনা নিয়মিত ঘটছে। এসব ঘটনায় সাধারণ মানুষ আর্থিক ক্ষতির পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভুক্তভোগীরা জানান,চুরির ভয়ে অনেকেই রাতে জেগে পাহারা দিচ্ছেন। তবুও চোরচক্রের দৌরাত্ম্য থামছে না। এতে শিশু,নারী ও বয়স্কদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।
এ অবস্থায় মানিকখালী গ্রামের বাসিন্দারা রাতের পুলিশ টহল জোরদার,চোরচক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং গ্রামবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।##
আপনার মতামত লিখুন :