ব্রেকিং নিউজ :

কলারোয়ায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, পাট ও বীজতলার ব্যাপক ক্ষতি


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ১:৩১ অপরাহ্ন | ১৬৯
কলারোয়ায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, পাট ও বীজতলার ব্যাপক ক্ষতি

জাহিদুল ইসলাম

টানা বৃষ্টিতে সাতক্ষীরার কলারোয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনজীবন যেমন দুর্ভোগে পড়েছে, তেমনি কৃষকদের পাট ও বীজতলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সম্প্রতি অব্যাহত ভারী বর্ষণের ফলে কলারোয়া পৌরসভা ছাড়াও দেয়াড়া, কাশিয়াডাঙ্গা, মাঠপাড়া ও রাইটা গ্রামের নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। এ সময় কৃষিজমিতে পানি জমে থাকায় পাটখেত ও বিভিন্ন ফসলের বীজতলা নষ্ট হয়ে যায়।
‎স্থানীয় কৃষকরা জানান, গতকাল ধরে টানা বৃষ্টির কারণে জমির পানি নামতে না পারায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে পাট ও আমন ধানের বীজতলা পানিতে ডুবে যাওয়ায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা।
‎এদিকে জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকার সড়কে পানি জমে মানুষের চলাচলেও দুর্ভোগ দেখা দিয়েছে। পৌর সভার স্থানীয়রা জানান,বৃষ্টি হলে পানি উঠে ঘরবাড়ীতে রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে প্রতি বছর বর্ষা মৌসুমে একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।