
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে কলারোয়া বলফিল্ড ফুটবল বয়েজের (KBFB) আয়োজনে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে মুখোমুখি হয় মুকুন্দপুর ইমারজিং ক্লাব, সাতক্ষীরা এবং ইমরান হোসেন হাবুর ওজি বয়েজ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠজুড়ে তৈরি হয় টানটান উত্তেজনা। উভয় দলই গোল করার একাধিক সুযোগ সৃষ্টি করলেও নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে সক্ষম হয়নি। ফলে গোলশূন্য ড্রয়ে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।
পরে ম্যাচের ভাগ্য নির্ধারণে ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। ট্রাইব্রেকারে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ইমরান হোসেন হাবুর ওজি বয়েজ ৩-০ গোলে মুকুন্দপুর ইমারজিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে মুকুন্দপুর ইমারজিং ক্লাব।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঃ রহিম বাবু, শেখ আলতাফ হোসেন, মোঃ রেজাউল করিম লালু, সম্পাদক আরিফ মাহমুদ, সাইফুল ইসলাম বাবু, শেখ সালাউদ্দিন চঞ্চল, মাসউদুল ইসলাম মাসুদ, সহকারী অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমান, রেফারি ফারুক হোসেন স্বপন, মাসুদ পারভেজ মিলন ও মাস্টার মোঃ হাবিবুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ওজি বয়েজের গোলরক্ষক আকিব ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। পাশাপাশি তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেন। অন্যদিকে মুকুন্দপুর ইমারজিং ক্লাবের ইমরান নির্বাচিত হন ম্যান অব দ্য টুর্নামেন্ট।
ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন সায়েদুল করিম তপু। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন কামরুজ্জামান বাবু ও আনোয়ার হোসেন। খেলার ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। তাঁদের সাবলীল ধারাভাষ্যে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়।
উল্লেখ্য, ৮ দল নিয়ে আয়োজিত এ নকআউট ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিল মিঞা ফাউন্ডেশন ও মিলন খেলাঘর। স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো মাঠ পরিণত হয় এক আনন্দঘন ক্রীড়াঙ্গনে। একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় কলারোয়া বলফিল্ড ফুটবল বয়েজের এই আয়োজন।
আপনার মতামত লিখুন :