ব্রেকিং নিউজ :

কলারোয়ায় কুশোডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামানের দাফন সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল


প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ১:৫২ অপরাহ্ন | ১৬৯
কলারোয়ায় কুশোডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামানের দাফন সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক 

সাতক্ষীরার কলারোয়া উপজেলা-এর কুশোডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আখতারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। তিনি নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর ড. মিজানুর রহমানের বড় ভাই ছিলেন।

শুক্রবার (২২ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলার কুশোডাঙ্গায় নিজ বাড়ির আঙিনায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে অবদান ও ব্যক্তিগত গুণাবলীর কথা তুলে ধরেন মরহুমের মেঝ ভগ্নিপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব খ. ম. কবিরুল ইসলাম, মেঝ ভাই নর্দান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মিজানুর রহমান, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, একমাত্র জামাতা পুলিশ সুপার মাহবুব, তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্লাহ ও কুশোডাঙ্গা হাইস্কুলের শিক্ষক আল মামুন।
এছাড়া মরহুমের ছোট ভাই সোনালী ব্যাংকের এজিএম আসাদুজ্জামান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগ্ম সচিব আবুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. রবিউল হোসেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালক কুদরত-ই-খোদাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় অসংখ্য মুসল্লি জানাজায় অংশ নেন।

নামাজে জানাজায় ইমামতি করেন মাওলানা আরশাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আজিজুল হক বাবু খান। দাফন শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা ওমর আলী।

উল্লেখ্য, ব্রেন টিউমার ও ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকেলে ঢাকার একটি হাসপাতালে আখতারুজ্জামান (৬০) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, এক কন্যা, দুই ভাই, চার বোনসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কুশোডাঙ্গা গ্রামের মরহুম আতিয়ার সরদারের জ্যেষ্ঠ পুত্র ছিলেন।