
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক
সাতক্ষীরার কলারোয়া ও তালায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ১০ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ করা হয়েছে। এ সহায়তা বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি।
মঙ্গলবার (২৫ মে) বেলা ১১টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কলারোয়া উপজেলার ৫০০ এবং তালা উপজেলার ৫০০ অসহায় পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, ইউনিট সদস্য মাওলানা মোঃ ওমর আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, পৌর সেক্রেটারি মাওলানা মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, “ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ সমাজের সব মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ও দায়িত্বশীলদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় নিম্নআয়ের মানুষের কষ্ট বেড়েছে। সরকারের এই মানবিক সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপকারভোগীদের উদ্দেশ্যে এমপি ইজ্জত উল্লাহ বলেন, “আরও কিছু সময় পেলে আপনাদের কষ্ট করে আসতে হতো না, সহায়তা বাড়ি বাড়ি পৌঁছে দিতাম।”
তিনি জানান, কোনো ধরনের ভোগান্তি বা অনাকাঙ্ক্ষিত লেনদেন ছাড়াই প্রকৃত অসহায় মানুষের হাতে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এসময় সহায়তা পাওয়া উপকারভোগীরা সরকারের এ উদ্যোগ ও এমপি ইজ্জত উল্লাহ’র মানবিক ভূমিকার প্রশংসা করেন। ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :