
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে বাহিনীর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। এরই ধারাবাহিকতায় সীমান্তে বিভিন্ন সময়ে জব্দ করা ৭৩ কোটি ৭৫ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
আজ রবিবার (২৮ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিওএম, পিএসসি।
বিজিবি সূত্রে জানা যায়, গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪৮ জন আসামিকে আটক করা হয়। এ সময় ১২৬ কোটি ৬৬ লক্ষ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকের তালিকায় রয়েছে: ৩ হাজার ৭৯১ বোতল বিভিন্ন প্রকার মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল ও সমগোত্রীয় মাদক, ৪৭ হাজার ২৭০ পিস ইয়াবা, ৬ লক্ষ ০৭ হাজার ৭৬৯ পিস বিড়ি/সিগারেট, ৩৩.৪০০ কেজি গাঁজা, ৬৩ লক্ষ ১৩ হাজার ১২০ পিস বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ, ৩৫ কেজি তামাকের গুড়া, ২ বোতল লিকুইড সীসা এবং ১০০ কেজি মাদক তৈরির বট পাতা। এছাড়াও অতি উচ্চমূল্যের মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৭২.৫০ মিলিলিটার এলএসডি, ৮.৫৮৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ২০ বোতল আফিম তৈরির কেমিক্যাল।
অনুষ্ঠানের শুরুতে ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, মাদকমুক্ত দেশ গড়তে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রোধে আমাদের সদস্যরা দিন-রাত নিরলসভাবে কাজ করছেন। তবে মাদক একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। এটি মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সামাজিক সচেতনতা অপরিহার্য। তিনি বিজিবির সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং মাদক চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খুলনা সেক্টর কমান্ডার, সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র্যাব-৬ এর প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী সকলেই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিতে বিজিবি নিয়মিত বিরতিতে এ ধরনের ধ্বংস কার্যক্রম পরিচালনা করে আসছে।
(পত্রদূত)
আপনার মতামত লিখুন :