
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক
সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের কলেজছাত্র সোহানের মানবিক উদ্যোগের প্রশংসা করে তার পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান। অন্ধ একটি ঘোড়াকে আশ্রয় দিয়ে লালন-পালনের দায়িত্ব নেওয়া এই শিক্ষার্থীর জন্য আর্থিক সহায়তা ও উপহার পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাতে সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা তারেক রহমানের পক্ষ থেকে সোহানের বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় সোহানের এই মানবিক উদ্যোগের খোঁজখবর নেওয়া হয়।
কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অন্ধ ও অসুস্থ একটি ঘোড়া শ্মশানের পাশে পড়ে আছে। অনেকেই বিষয়টি দেখলেও প্রাণীটিকে উদ্ধারে এগিয়ে আসেননি। ভিডিওটি দেখে চান্দুড়িয়া গ্রামের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সোহান ছুটে যান ঘটনাস্থলে। পরে তিনি ঘোড়াটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয় পশুচিকিৎসক পরীক্ষা করে জানান, ঘোড়াটির দুই চোখই স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে। চিকিৎসার মাধ্যমে তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। এরপরও সোহান প্রাণীটিকে অবহেলায় ফেলে না দিয়ে পরিবারের সহযোগিতায় তার পরিচর্যার দায়িত্ব নেন।
সোহান বলেন, “দুটি চোখ অন্ধ হলেও এটি তো একটি জীবন্ত প্রাণী। চোখের সামনে একটি প্রাণীকে ধুঁকে ধুঁকে মরতে দিতে পারিনি। তাই বাড়িতে নিয়ে এসেছি। যত দিন বাঁচবে, আমরা তার যত্ন নেব।”
সোহানের বাবা নাঈম হোসেন বলেন, “ছেলের আগ্রহের কারণেই ঘোড়াটিকে বাড়িতে আশ্রয় দিয়েছি। আমরা সাধ্যমতো এর দেখাশোনা করছি। অসহায় প্রাণীর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”
সোহানের এই মানবিক উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে। স্বার্থপরতার এই সময়ে একটি অসহায় প্রাণীর প্রতি তার মমত্ববোধ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন অনেকে।
আপনার মতামত লিখুন :