ব্রেকিং নিউজ :

সাতক্ষীরায় নবাগত ডিসিকে এমপিদের ফুলেল শুভেচনা: প্রটোকল ও অবস্থান নিয়ে জনমনে আলোচনা


প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন | ৩৫৯
সাতক্ষীরায় নবাগত ডিসিকে এমপিদের ফুলেল শুভেচনা: প্রটোকল ও অবস্থান নিয়ে জনমনে আলোচনা

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক 

সাতক্ষীরায় নবাগত জেলা প্রশাসক মিস কাউসার আজিজকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে জেলার চার সংসদ সদস্যের উপস্থিতি ও অবস্থান নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে জেলার চার এমপি নবাগত ডিসিকে শুভেচ্ছা জানান এবং জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন বলে জানা গেছে।

 

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস হাফিজ রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম।

 

তবে অনুষ্ঠানের প্রকাশিত কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় দেখা যায়, জেলা প্রশাসকের সামনে সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা অবস্থান করছেন এবং চার সংসদ সদস্য তুলনামূলকভাবে পেছনের সারিতে পড়ে যান। এ দৃশ্য নিয়েই মূলত সমালোচনা ও প্রশ্নের জন্ম হয়েছে।

 

অনেকেই এটিকে নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখলেও সচেতন মহলের একটি অংশ মনে করছেন, এতে জনপ্রতিনিধিদের সাংবিধানিক মর্যাদা ও প্রটোকলগত অবস্থান যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তাদের মতে, একজন সংসদ সদস্য জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি এবং তিনি জনগণের ম্যান্ডেট বহন করেন। অন্যদিকে জেলা প্রশাসক রাষ্ট্রের নির্বাহী বিভাগের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হলেও তিনি প্রশাসনিক কাঠামোর অংশমাত্র।

 

বিশ্লেষকদের মতে, সংবিধান ও রাষ্ট্রীয় প্রটোকলে এমপির অবস্থান প্রশাসনিক কর্মকর্তার ঊর্ধ্বে। তাই যেকোনো সরকারি বা আনুষ্ঠানিক আয়োজনে জনপ্রতিনিধিদের অবস্থান ও সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় জনগণের কাছে ভুল বার্তা যেতে পারে এবং জনপ্রতিনিধিদের মর্যাদা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।

 

তবে প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের সুসম্পর্ক ও সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও গুরুত্বের সঙ্গে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য বলেও মত দিয়েছেন তারা।

 

রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষ্য, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রশাসন রাষ্ট্র পরিচালনার কার্যকর মাধ্যম হলেও রাষ্ট্রের দিকনির্দেশনা আসে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকেই। তাই সৌজন্য ও সমন্বয় বজায় রেখেও সাংবিধানিক ভারসাম্য ও প্রটোকলগত মর্যাদা অক্ষুণ্ন রাখা সময়ের দাবি।