
খুলনা প্রতিনিধি:
ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের খুলনা বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. আব্দুল বারিক। সাধারণ সম্পাদক হয়েছেন খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন কুষ্টিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক মানিক হোসাইন। সম্মেলনে কেন্দ্রীয় সংগঠন এ কমিটি ঘোষণা করে।
মঙ্গলবার (২০ অক্টোবর) খুলনার আল-ফারুক সোসাইটি মিলনায়তনে ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের উদ্যোগে আয়োজিত বিভাগীয় চিকিৎসক সম্মেলন ও বিজ্ঞান সেমিনারে এ ঘোষণা দেওয়া হয়।
ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের ২৩ সদস্য বিশিষ্ট খুলনা বিভাগীয় কমিটিটি ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দীন মানিক। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মাহফুজুর রহমান।
বিজ্ঞান সেমিনারে ডা. মো. টিপু সুলতান, ডা. কে এম মনোয়েমুল বাসার, ডা. আহমেদ হোসেন ফারুকী, ডা. ইমান আলী ও ডা. কাজী আব্দুল হানান হোমিওপ্যাথিক চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় হৃদ্রোগের চিকিৎসা, মস্তিষ্কের সাধারণ রোগের চিকিৎসা ও ব্যবস্থাপনা, অর্গানন অব মেডিসিন, ক্যানসার চিকিৎসা এবং মেটেরিয়া মেডিকার বিভিন্ন দিক উঠে আসে।
সম্মেলনের সমাপনী অধিবেশন ও কমিটি পরিচিতি পর্বে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সাতক্ষীরা জেলা কমিটির উপদেষ্টা ডা. মাহমুদুল হক, ডা. শেখ আফতাব উদ্দিন প্রমুখ
আয়োজকদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে খুলনা বিভাগে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং হোমিওপ্যাথিক চিকিৎসকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জ্ঞান বিনিময় ও পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগ জোরদার হবে।
আপনার মতামত লিখুন :