ব্রেকিং নিউজ :

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ


প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ৫:১৯ অপরাহ্ন | ৩১৯
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ

জুলাই জাতীয় সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতসহ ১১ দলীয় জোট। রবিবার বিকেলে জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মোঃ আজিজুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচি থেকে দ্রুত জনগণের রায় কার্যকরের জন্য সরকারের প্রতি আল্টিমেটাম দেওয়া হয়।

বিকাল সাড়ে ৩টায় শহরের আমতলা গণমুখী মাঠ থেকে কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক নারকেলতলা মোড়, আসিফ চত্বর, কোর্ট মোড়, নিউমার্কেট মোড় ও পাঁকা পুল হয়ে নাজমুল সরণি প্রদক্ষিণ করে পুনরায় আমতলা মাঠে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সদর-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, দেশের অধিকাংশ মানুষ জুলাই সনদের পক্ষে মত দিয়েছে। এই গণরায় উপেক্ষা করে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের মতামত উপেক্ষা করে একদলীয় শাসনের পথে এগোচ্ছে এবং হুঁশিয়ারি দেন—জুলাই সনদের সাথে বিশ্বাসঘাতকতা করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের‌ আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, নির্বাচনের অল্প সময়ের মধ্যেই সরকার জনস্বার্থবিরোধী পদক্ষেপ নিচ্ছে। যে আন্দোলনের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে, সেই আন্দোলনের চেতনাকেই তারা অবমূল্যায়ন করছে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে বক্তারা ব্রিটিশ আমলের পুরনো আইন বাতিল করে জুলাই আন্দোলনের চেতনায় নতুন আইন প্রণয়ন ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার দাবি জানান।
এসময় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হাসান, শেখ নুরুল হুদা, শহর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা সম্মিলিতভাবে ঘোষণা করেন, জনগণের ভোটাধিকার ও জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন রাজপথে অব্যাহত থাকবে।