
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দলীয় ও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না পেলে দেশে কোনো সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না। ক্ষমতাসীন দলের লোকেরাই মূলত সিন্ডিকেট তৈরি করে বাজার নিয়ন্ত্রণ করছে। যার ফলে সরকার কর কমানোর পরও বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এক টাকাও কমছে না।’
শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকার একটি পার্টি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত ‘বার্ষিক রুকন সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘এবারের বাজেটে প্রায় ৫৪টি পণ্যের ওপর কর কমানো হয়েছে, কিন্তু বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব নেই। এর মূল কারণ হচ্ছে সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটের পেছনে সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে।’
তিনি প্রশ্ন তুলে বলেন, ‘বাজেটে অনেক কর ছাড় দেওয়া হলো, কিন্তু সাধারণ জনগণ যদি এর সুফল ভোগ করতে না পারে, তবে এই বাজেটের ইতিবাচক সফলতা কোথায়?’
ডা. শফিকুর রহমান চাঁদাবাজি প্রসঙ্গে বলেন, ‘সারাদেশে চাঁদাবাজি বন্ধ করা গেলে মানুষের জীবনে স্বস্তি ফিরে আসবে। কারা এর সঙ্গে জড়িত, তা জনগণ জানে।’
(নিউজ ডেস্ক ইনডিপেনডেন্ট)
আপনার মতামত লিখুন :